২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ: চট্টগ্রামে এক তৃতীয়াংশ পদ খালি

চট্টগ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছয়টি সার্কেলে এক তৃতীয়াংশ পদই খালি, আর দুই তত্ত্বাবধায়কের এক জনকে সামলাতে হয় মোকদ্দমা। সব মিলিয়ে ‘স্থবির’ হয়ে পড়েছে মাদক নিয়ন্ত্রণের এই সংস্থার কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

উত্তম সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছয়টি সার্কেলে এক তৃতীয়াংশ পদই খালি, আর দুই তত্ত্বাবধায়কের এক জনকে সামলাতে হয় মোকদ্দমা। সব মিলিয়ে ‘স্থবির’ হয়ে পড়েছে মাদক নিয়ন্ত্রণের এই সংস্থার কার্যক্রম। বন্দরনগরীর ছয়টি সার্কেলে পরিচালিত হয় মেট্রো উপ-অঞ্চলের কার্যক্রম। এগুলো হলো- কোতোয়ালি (কোতোয়ালি ও খুলশী থানা), পাঁচলাইশ (পাঁচলাইশ ও বায়েজীদ থানা), চান্দগাঁও (চান্দগাঁও ও বাকলিয়া থানা), পাহাড়তলি (পাহাড়তলি ও হালিশহর থানা), বন্দর (বন্দর ও পতেঙ্গা) ও ডবলমুরিং (ডবলমুরিং ও কর্ণফুলী)। এর মধ্যে ডবলমুরিং, বন্দর ও পাহাড়তলি সার্কেল নিয়ে দক্ষিণ অঞ্চল এবং কোতোয়ালি, পাঁচলাইশ ও চান্দগাঁও সার্কেল নিয়ে রয়েছে উত্তর অঞ্চল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১২০ বর্গ কিলোমিটার আয়তনের বন্দরনগরীর ছয়টি সার্কেলে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছেন ২৭ জন। এর মধ্যে পরিদর্শক পদে লোক থাকলেও উপ-পরির্দশক পদের তিনটিই ফাঁকা। এ ছাড়া সহকারী উপ-পরিদর্শকের তিনটি পদের বিপরীতে এক জন এবং ১৫টি কনস্টেবল পদের বিপরীতে কাজ করছেন ১১ জন। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিদপ্তর প্রতিষ্ঠার পর রাজস্ব আদায় সংক্রান্ত কাজের আঙ্গিকে এ জনবল কাঠামো তৈরি করা হয়েছিল।” “এখন মাদক চালানের তথ্য সংগ্রহ, মাদক দ্রব্য জব্দ, আমদানি করা রাসায়নিক দ্রব্যের নমুনা সংগ্রহ, রাজস্ব আদায় ও মামলাসহ বিভিন্ন কাজ করতে হলেও জনবল কাঠামোর পরিবর্তন হয়নি। তার ওপর সৃষ্ট পদের মধ্যে এক তৃতীয়াংশই খালি রয়েছে।” কনস্টেবলসহ সব কর্মকর্তাদের প্রতিমাসে গড়ে ১০দিন করে বিভিন্ন মামলার সাক্ষ্য ও তদন্তসহ বিভিন্ন কাজে আদালতে ব্যস্ত থাকতে হয় বলেও জানান তিনি। এর সঙ্গে গাড়ির সংকটের কথাও যোগ করেন মুকুল জ্যোতি। তিনি বলেন, “এই একটি গাড়ি অভিযান ছাড়াও বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যবহার করতে হয়। ফলে একটি সার্কেল অভিযানে গেলে গাড়ির অভাবে অন্য কোনো সার্কেলের সদস্যরা অভিযান পরিচালনা করতে পারে।” গত দুই সপ্তাহ অধিদপ্তরের কার্যালয়ে ঘুরে উত্তরের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসানের দেখা মিললেও পাওয়া যায়নি দক্ষিণের সিদ্দেশ্বর টেলিকে। পরে শনিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিদ্দেশ্বর টেলি জানান, মামলার সাক্ষ্য দিতে তিনি খুলনা গিয়েছেন। চট্টগ্রামে যোগদানের আগে খুলনা, যশোর ও ফরিদপুরে কর্মরত থাকায় সেখানকার কয়েকশ মামলার তিনি বাদী ও তদন্ত কর্মকর্তা। সিদ্দেশ্বর টেলি বলেন, “৫৬ বছর বয়সে চট্টগ্রাম থেকে নিয়মিত খুলনা, যশোর এসে মামলার সাক্ষ্য দিতে হয়। যশোর ও খুলনা অঞ্চলে আমি প্রায় ৫০০ মামলার সাক্ষী ও তদন্ত কর্মকর্তা। এসব মামলায় হাজিরা দিতে প্রতি মাসে ২০ থেকে ২৫ দিন থাকতে হয় চট্টগ্রামের বাইরে।” এসব সংকটের পাশাপাশি নিজস্ব পোশাক না থাকায় অভিযান পরিচালনায় গিয়ে সমস্যায় পড়ার কথা জানালেন উত্তরের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএইচ/এএল/২০০৮ ঘ.