ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনা ও বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত ৩১ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ২১ জন মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।
এছাড়া বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী বিমান বাহিনী সদরদপ্তরে বিমান বাহিনীর ১০ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে উপহার সামগ্রী ও সম্মাননা চেক তুলে দেন।
সেনা বাহিনীর সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল, প্রয়াত ব্রিগেডিয়ার খালেদ মোশারফ বীর উত্তম-এর স্ত্রী সালমা খালেদ, মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরী, প্রয়াত মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমানের স্ত্রী মিনা রহমান প্রমুখ।
বিমান বাহিনীর সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- পরিকল্পনামন্ত্রী ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, প্রাক্তন বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সামছুল আলম।
এছাড়া প্রয়াত উইং কমান্ডার এম হামিদুল্লা খানের স্ত্রী রাবেয়া সুলতানা জাহান, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লীডার বদরুল আলম, অবসরপ্রাপ্ত পাইলট অফিসার আব্দুল মুকিত, অবসরপ্রাপ্ত ডিআইজি কাজী জয়নুল আবেদীন, অবসরপ্রাপ্ত মেজর এম আলী আশরাফ এবং অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সদর উদ্দিনের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।
অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তাসহ সেনা ও বিমান বাহিনী সদরদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩৪৭ ঘ.
bdnews24