২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন নীতির সুপারিশমালা নিয়ে আলোচনার আহ্বান স্পিকারের

জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে নীতি নির্ধারণের সুপারিশমালা নিয়ে সংসদের ভেতরে-বাইরে আলোচনার জন্য সংসদ সদস্যদের আহবান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে নীতি নির্ধারণের সুপারিশমালা নিয়ে সংসদের ভেতরে-বাইরে আলোচনার জন্য সংসদ সদস্যদের আহবান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি। ইউএনপিএ’র অর্থায়নে জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং পার্লামেন্ট ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটিং পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি) প্রকল্পের ইনসেপশন কর্মশালায় সাংসদরা অংশ নেন। স্পিকার তাদেও উদ্দেশে বলেন, “দেশ পরিচালনায় নীতি নির্ধারণে আপনাদের যেমন সরাসরি ভূমিকা রাখার সুযোগ রয়েছে, তেমনি জনপ্রতিনিধি হিসেবে জনগণকে আরও সচেতন করার সুযোগও আপনাদের যথেষ্ট।” জনসংখ্যা, প্রজনন স্বাস্থ্য, প্রজনন অধিকার, জেন্ডার ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সাংসদদের আলোচনার আহ্বান জানান আবদুল হামিদ। নিজ নির্বাচনী এলাকায় জনগণকে তথা যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা প্রদান এবং তাদের অধিকার নিয়ে জাতীয় সংসদে কথা বলার পাশাপাশি সরকারকে সঠিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করারও পরামর্শ দেন তিনি। দেশের যুব সমাজকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ যুব সমাজ। দারিদ্র্য বিমোচনের গতিকে তরান্বিত করার লক্ষ্যে এই যুব সমাজকে মানব সম্পদে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। কর্মশালায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মো. আতিউর রহমান আতিক, মু. জিয়াউর রহমান, রওশন জাহান সাথী, ফরিদা রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, ফজিলাতুন নেছা বাপ্পী প্রমুখ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১২৫ ঘ.