ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য সংবাদ মাধ্যমের সংবাদদাতার নাম ‘ভুল’ করে নিজেদের খবরে ভুলভাবে প্রচার করে বেসরকারি একটি টেলিভিশন স্টেশনের কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপ-বার্তা সম্পাদক মুনিরুল ইসলাম বলেন, বেসরকারি টেলিভিশন আরটিভি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি টিকারে জানায়, স্ত্রী হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ নাহাস পাশার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
টিকার দেখে বিভ্রান্ত মুনির সহকর্মীদের বলেন, “ঘটনাতো বুঝছি না কিছু। নাহাস ভাইতো খবরে পাঠিয়েছেন অন্য নাম।”
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের লন্ডন প্রতিনিধি সৈয়দ নাহাস পাশার বরাত দিয়ে খবর প্রকাশ করে যে, স্ত্রী হত্যার দায়ে ব্রিটেনে এক বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মুনির বলেন, “তখনই আমার মনে হচ্ছিল, আমাদের হেডলাইন কপি পেস্ট করে টিকার লিখতে গিয়ে আরটিভি ভুল করে বসেছে।”
খবরটির শিরোনামের ঠিক নিচে নাহাস পাশার নাম ছিল।
বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর থেকে আরটিভির বার্তা কক্ষে অবহিত করা হলে তারা তৎক্ষণাৎ টিকার তুলে নেয় এবং পরে তা ঠিকভাবে প্রচার করে।
প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান বলেন, “ঠিক করে দিচ্ছি”।
বিষয়টি শুনে সৈয়দ নাহাস পাশা হাসতে হাসতে বলেন, “আমার আত্মীয়রা দেশ-বিদেশ থেকে ফোন করে জানতে চেয়েছেন। অনেকে হঠাৎ এই খবরে উদ্বিগ্নও হয়ে পড়েন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২১২৩ ঘ.
bdnews24