২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারিত হয়ে প্রেমিকার আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় প্রেমিকের কাছে প্রতারিত হয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বাগেরহাট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় প্রেমিকের কাছে প্রতারিত হয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাতে কণিকা মিস্ত্রী (১৫) গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক তালুকদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুর রাজ্জাক উপজেলার উত্তর কদমতলা গ্রামের জাফর তালুকদারের ছেলে। নিহতের বড় বোন মনিকা মিস্ত্রী বাদী হয়ে রাজ্জাককে আসামি করে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। শরণখোলা থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা আনন্দ প্রসাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কণিকা আত্মহত্যায় ব্যবহৃত ওড়নায় তার মৃত্যুর জন্য রাজ্জাককে দায়ী করে বিভিন্ন কথা লিখে গেছে।” মনিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমতলা গ্রামে তার বাড়িতেই থাকতো কণিকা। প্রতিবেশী রাজ্জাক তার ছোটবোনকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করায় কয়েক মাস আগে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পুলিশ আরো জানায়, নিহতের বোনের দায়ের করা মামলায় রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক কণিকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলছে না। কণিকার ওড়নাটি জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ। কণিকা উপজেলার মধ্য বাধাল গ্রামের সুশীল মিস্ত্রির মেয়ে। স্থানীয় ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরী স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১০০ ঘ.