ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া কাগজপত্রের মাধ্যমে সোনালী ব্যাংকের ২০৮ কোটি টাকা হল-মার্ককে আত্মসাতের সুযোগ করে দেয়ার কথা স্বীকার করেছেন রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএম আজিজুর রহমান।
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর খাসকামরায় বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ কথা জানিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই পরিমাণ টাকা আত্মসাতে সুযোগ করে দেয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আজিজুর জবানবন্দি দিয়েছেন বলে জানতে পেরেছি।”
একেএম আজিজুর পরবর্তীতে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হয়েছিলেন।
রাজধানীর রমনা থানায় হলমার্কের বিরুদ্ধে করা ১১টি মামলার মধ্যে ১০ নম্বর মামলায় দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জবানবন্দি দেন আজিজুর। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে আসামি করে মোট ২৭ জনের বিরুদ্ধে গত ৪ অক্টোবর এই ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে হলমার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।
১০ নম্বর মামলায় বলা হয়েছে, হল-মার্কের আনোয়ারা স্পিনিং নামের ভুয়া প্রতিষ্ঠানের কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ২০৮ কোটি ৮ লাখ ৭৬ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়।
এর আগে গত ১৪ নভেম্বর হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং ব্যবস্থাপক তুষার আহম্মেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০৫০ ঘ.
bdnews24