শরীয়তপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার পর সংঘর্ষের ঘটনায় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পুলিশকে মারধর, গাড়ি ভাংচুর ও রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার অভিযোগে বুধবার রাতে এই মামলা হয় বলে পালং থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন।
সকালে বিএনপির সভায় হামলা চালায় ছাত্রলীগ। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গেলে বিএনপির সমর্থকরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পালং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাদী হয়ে ওই মামলা করেছেন।
এতে যুবদল নেতা আব্দুল জব্বার খান, জেলা ছাত্রদল নেতা জামাল উদ্দিন বিদ্যুৎ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন মুন্সীসহ বিএনপির ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় মামলা করতে থানায় গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেছেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা করার জন্য আমাদের লোকজন থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মামলা নেবে না।”
তবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করে ওসি রবিউল বলেন, “আমার কাছে বিএনপির কেউ মামলা করতে আসেনি।”
আগের দিন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপির কার্যালয় ও বাসস্যান্ড সংলগ্ন এলাকায় আলোচনা সভার আয়োজন করে। দুটি স্থানেই হামলা চালিয়ে ওই কর্মসূচি পণ্ড করে দেয় যুবলীগ ও ছাত্রলীগ।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালুসহ বিএনপির দুই পক্ষের ৬৫ জনসহ অন্তত ৭২ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৮২৫ ঘ.
bdnews24