২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সে ঢাকার পথে তাকিম

দুর্বৃত্তের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু জানান, তাকিমকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার বিকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বুধবার রাত ৮টার দিকে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তাকিমের ওপর হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়। ছাত্রলীগের অভিযোগ, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই এ হামলা চালিয়েছে। গুরুতর আহত তাকিমকে বুধবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতেই অস্ত্রোপচার শেষে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার সংজ্ঞা ফেরেনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ মো. একরামুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রগ কেটে যাওয়ায় তার অনেক রক্তক্ষরণ হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় স্থানান্তরের কথা বলেছি।” তাকিমকে দুপুর পর্যন্ত ১৪ ব্যাগ রক্ত দেয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী বলেন, “ছাত্র শিবিরের ক্যাডারা কৌশলে রাতের অন্ধকারে এই ধরনের তাণ্ডবলীলা চালিয়েছে।” “আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।” তিনি জানান, রাত ৮টার দিকে তাকিমসহ কয়েকজন ছাত্রলীগ নেতা খালেদা জিয়া হলের সামনে দিয়ে যাওয়ার পথে হামলার মুখে পড়েন। “তিনটি মোটর সাইকেলে অজ্ঞাত পরিচয়ের ছয় যুবক তাদের পথরোধ করে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায়। পরে বাম হাত ও বাম পায়ের রগ কেটে দিয়ে চলে যায়।” ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল-তুহিন বলেন, “তাকিম সংজ্ঞা হারানোর আগে বলে গেছে, শিবিরের কয়েকজন ক্যাডার এই হামলা চালিয়েছে। ফাঁকা গুলি ছুড়ে ‘নারায়ে তকবির’ স্লোগান দিতে দিতে ওই এলাকা ত্যাগ করে তারা।” এদিকে তাকিমের ওপর হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রিন্টু, বিশবিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বক্তব্য দেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার সংগঠন থেকে তাকিমের বহিষ্কারাদেশ তুলে নিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হওয়া তাকিম গত ১৬ জুন ১৫২ সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন। কিন্তু দলীয় অন্তর্কোন্দলে গত ১৬ জুলাই ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল সোহেল নিহত হওয়ার পর তাকিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অবশ্য এরপরও বিভিন্ন ঘটনায় তাকিমকে সক্রিয় দেখা যায়। গত সেপ্টেম্বরে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় তিনি তৎপর ছিলেন। অক্টোবরে শিবিরের সঙ্গে সংঘর্ষের সময়ও অস্ত্র হাতে দেখা যায় তাকিমকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৭৩২ ঘ.