২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক পদ ছাড়ছেন ইবির ২২ শিক্ষক

উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক পদ ছাড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কুষ্টিয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক পদ ছাড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক। পদত্যাগ পত্রগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর জন্য বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এয়াকুব আলীর কাছে জমা দেন তারা। পদ ছাড়তে চাওয়া শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ওয়ালিউর রহমান, জিয়া হলের প্রভোস্ট মো. সেলিম, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক মামুনুর রহমান, আইআইইআর এর প্রশাসক অধ্যাপক মাহবুবুর রহমান, কম্পিউটার প্রযুক্তি বিভাগের প্রশাসক অধ্যাপক ড. তপন কুমার জোয়ার্দার, রোভার স্কাউটের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল কুদ্দুস সালেহ, বিএনসিসির সমন্বয়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টর কামরুজ্জামান ও ড. মফিজ উদ্দিন এবং বিভিন্ন হলের ১৩ জন আবসিক শিক্ষক। শিক্ষক সমিতির সভাপতি এয়াকুব আলী জানান, নিয়মানুযায়ী এ ধরণের লিখিত পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার কথা। কিন্তু ওইসব দপ্তরে দায়িত্বশীলরা অনুপস্থিত থাকায় তারা শিক্ষক সমিতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দরখাস্তগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে কীভাবে পাঠানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও তিনি জানান। সোমবার উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের একদল নেতা-কর্মী হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৬৩৬ ঘ.