ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আমিনুল ইসলাম মোল্লা জুয়েলকে (৪৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ।
হাই কোর্টের একটি আদেশ জারির পর বৃহস্পতিবার দুপুরে পূর্ব শুভাঢ্যার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জুয়েলকে আটক করা হয় বলে ঢাকা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পরাগ অপহরণের ‘হোতা’ আমীর ও জুয়েলকে গ্রেপ্তারের কেন নির্দেশ দেয়া হবে না- এর আগে প্রশাসনের কাছে জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
পুলিশ সুপার বলেন, “হাই কোর্টের নির্দেশে তাকে (জুয়েল) পরাগ অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
গত ১১ নভেম্বর ব্যবসায়ী বিমল মণ্ডলের ছেলে অপহরণের পর এতে জুয়েলের জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক এই সভাপতি।
গত ১৪ নভেম্বর রাতে কেরানীগঞ্জের আঁটি বাজার থেকে পরাগকে উদ্ধারের পর ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব দাবি করেছে, পলাতক আমীরই এই অপহরণের ‘মূল হোতা’।
দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে ব্যবসায়িক কার্যালয় থেকে জুয়েলকে আটক করা হয় বলে তার বন্ধু হাজি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “তিনজন উপপরিদর্শকসহ গোয়েন্দা পুলিশের একটি দল পূর্ব শুভাঢ্যার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের তৃতীয় তলা থেকে জুয়েলকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।”
স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যা এলাকায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।
পুরান ঢাকার তাঁতী বাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক বিমলের ছেলে পরাগ চিকিৎসা শেষে বুধবার বাড়িতে ফিরেছে।
পরাগকে অপহরণের পর ওই রাতেই পরাগের দাদি সাবিত্রী মণ্ডল একটি মামলা করেন।
পরাগকে উদ্ধারের পর র্যাব অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তারা দাবি করেছে, এই অপহরণে স্থানীয় যুবক আমীর জড়িত।
র্যাবের অভিযানে গ্রেপ্তার ছয়জনের মধ্যে আমীরের এক স্বজনও রয়েছেন।
এছাড়া পুলিশ মামুন নামে আমীরের আরেক স্বজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। মামুনকে আরো জিজ্ঞাসবাদের জন্য বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালত তাকে আরো চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
পরাগ উদ্ধার হলেও অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
তিনি আদালতে বলেন, পরাগকে অপহরণের মামলার প্রধান আসামি এখানো গ্রেপ্তার হয়নি। যে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা জবানবন্দিতে আমীরের নাম বললেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।
“তাই ন্যায় বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তারে আদালতের আদেশ প্রয়োজন।” এরপরই আদালত রুল জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিবি/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24