ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রজাতির ১১টি পাখি চুরির ঘটনায় গ্রেপ্তার দুই প্রহরীর এক দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
তারা হলেন- চিড়িয়াখানার প্রহরী সর্দার নূরুল হক ও নৈশপ্রহরী শঙ্কর লাল মৃধা।
বুধবার শাহ আলী থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম তানবীর আহমেদের আদালতে সাত দিন হেফাজতের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ডের অনুমতি দেন। সেইসঙ্গে দুই প্রহরীর জামিন আবেদন নাকচ করেন বিচারক।
ওই চুরির ঘটনা খতিয়ে দেখতে ইতোমধ্যে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
রোববার রাতে চিড়িয়াখানায় রহস্যজনক ওই চুরির ঘটনার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই বুধবার সকালে চিড়িয়াখানা পরিদর্শন করেন।
এ সময় তিনি চিড়িয়াখানায় পাখি রাখার স্থানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কিউরেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষভাবে ঘটনা খতিয়ে দেখারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
ওই চুরির ঘটনায় চিড়িয়াখানার প্রাণী তত্ত্বাবধায়ক চান মিয়া ও নৈশপ্রহরী শঙ্কর লাল মৃধাকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। শফিকুল ইসলাম নামে এক আনসার সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে বলে চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহীদ উল্লাহ জানিয়েছেন।
চুরি যাওয়া পাখির মধ্যে তিনটি কাকাতুয়া, ছয়টি হলুদ টিয়া ও দুইটি লাল টিয়া রয়েছে। এসব পাখির দাম আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/পিবি/এইচএ/২২৫২ ঘ.
bdnews24