ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছরে বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের পদে প্রায় সাড়ে ১১ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
শেখ হাসিনা জানান, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিসিএস ক্যাডার, বিসিএস থেকে নন ক্যাডার ও নন ক্যাডার (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) পদে সর্বমোট ১১ হাজার ৩৬২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
“আগামী অর্থবছরে ৩২ ও ৩৩তম বিসিএস থেকে ক্যাডার, বিসিএস থেকে নন ক্যাডার ও নন ক্যাডার (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) পদে সর্বমোট ১১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ দেয়া সম্ভব হবে।”
তিনি জানান, এরমধ্যে ৩২তম বিসিএস ক্যাডর পদে ২ হাজার ৮০৫টি, ৩৩তম বিসিএস ক্যাডার পদে ৮ হাজাার ৭৭টি এবং ৩১তম বিসিএস নন ক্যাডার পদে ১২৫টি ও নন ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদে আনুমানিক ৮০০টি পদ রয়েছে।
ইতোমধ্যে নিয়োগ পাওয়া প্রার্থীদের বিভাজন তুলে ধরে সংসদ নেতা জানান, সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে ৮ হাজার ৩৯৫ জন (পুরুষ ৫৮২৪, মহিলা ২৫১৭) প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে।
এর মধ্যে ২৮তম বিসিএসে ২১৯১ জন, ২৯তম বিসিএসে ১৭১৬ জন, ৩০তম বিসিএসে ২৩৬৫ জন ও ৩১তম বিসিএসে ২০৬৯ জন।
এ ছাড়া বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অথচ নন ক্যাডার চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত নয় এমন প্রার্থীদেরকে প্রথম শ্রেণির পদে ২৮তম বিসিএস থেকে ২৮৯ জন, ২৯তম বিসিএস থেকে ১৯৩ জন ও ৩০তম বিসিএস থেকে ৩৬৩ জন সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে নন ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য ২ হাজার ১১৩ জনকে (২০০৯ সালে ২৭৪ জন, ২০১০ সালে ৭৭২ জন, ২০১১ সালে ৫১০ জন ও ২০১২ সালে ৫৫৭ জন) সুপারিশ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১১০ ঘ.
bdnews24