২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মৎস্য দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও ‘বিশ্ব মৎস্য দিবস’ পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও ‘বিশ্ব মৎস্য দিবস’ পালিত হয়েছে। জার্মান সরকারের সহায়তাপুষ্ট ‘ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট (ডব্লিউবিআরপি)-এর সহায়তায় বুধবার দেশে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তর দুপুরে শিল্পকলা একাডেমী চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে। ডব্লিউবিআরপি’র প্রকল্প পরিচালক আবুল হাশেম সুমন এতে সভাপতিত্ব করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, ডব্লিউবিআরপি প্রকল্পের মুখ্য উপদেষ্টা বারথল্ট শিরম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, উপ-পরিচালক পরিমল দাস, ঢাকা বিভাগের উপ-পরিচালক ফরিদা বেগম এবং তিন মৎস্যজীবী নেতা ফনিভূষণ মালো, ইসমাইল প-িত ও আনোয়ার হোসেন সিকদার। সভায় আলোচকরা আগামী বছর থেকে ব্যাপক পরিসরে এ দিবস পালনের আহ্বান জানান। ডব্লিউবিআরপি’র প্রকল্প পরিচালক আবুল হাশেম সুমন জানান, বাংলাদেশসহ গোটা বিশ্বেই প্রায় দুই তৃতীয়াংশ জলাশয়ে মাছের অতি আহরণ হয়। এক তৃতীয়াংশ জলাশয়ে মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক কারণে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ও সর্বস্তরে মাছের উৎপাদন ও আহরণ স্থিতিশীল রেখে মজুদ সমৃদ্ধ করতে প্রতি বছর ২১ নভেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব মৎস্য দিবস’ পালন করা হয়। কিন্তু এতদিন বাংলাদেশে এ দিবস পালন করা হয়নি। ডব্লিউবিআরপি’র প্রকল্প পরিচালক আরো জানান, মুক্ত ও বদ্ধ জলাশয় মিলিয়ে বাংলাদেশের প্রায় ৪৭ লাখ তিন হাজার ৬৫৮ হেক্টর অভ্যন্তরীণ জলাশয়ে গত ২০১০-১১ অর্থবছরে মোট ২৫ লাখ ১৫ হাজার ৩৫৪ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এছাড়া দেশের সমূদ্রসীমায় একই সময় মাছের উৎপাদন হয় পাঁচ লাখ ৪৬ হাজার ৩৩৩ মেট্রিক টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩২ ঘ.