২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুট হওয়া আরো ১টি বুদ্ধ মূর্তি উদ্ধার

কক্সবাজারের রামু থেকে আরো একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কক্সবাজার, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু থেকে আরো একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার বিকালে উপজেলা ম-ল পাড়ার একটি পুকুর থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর সারওয়া-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বুদ্ধ মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু ও উখিয়ায় সহিংসতায় লুট হওয়া মূর্তি বলে ধারণ করা হচ্ছে। ২৪ সেন্টিমিটার উচ্চতার পিতলের মূর্তিটির ওজন ৩ কেজি ৪৫০ গ্রাম। এদিকে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা ও ফেনী থেকে তিনটি বুদ্ধ মূর্তিসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। এর আগে সোমবার রাজধানীর ভাষানটেক এলাকার একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করে র‌্যাব। এর আগে ৮ নভেম্বর উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পিতলের তৈরি তিনটি বুদ্ধমূর্তি। এছাড়া ২৫ অক্টোবর রামু থেকে একটি এবং ৪ অক্টোবর উখিয়া থেকে আরো একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯০২ ঘ.