২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে পরাগ বাসায় ফিরেছে

কেরানীগঞ্জ থেকে অপহরণের পর উদ্ধার হওয়া স্কুলশিশু পরাগ মণ্ডল চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জ থেকে অপহরণের পর উদ্ধার হওয়া স্কুলশিশু পরাগ মণ্ডল চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বিকাল সোয়া ৩টার দিকে পরাগ রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে ছাড়া পায় এবং তার পরিবারের সদস্যরা বিকাল সোয়া চারটার দিকে তাকে নিয়ে কেরানীগঞ্জের বাসায় ফিরেন। স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরাগকে তার আত্মীয়স্বজন নিয়ে গেছে। গত ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়েছিল শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগ। মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ১৩ নভেম্বর অপহরণকারীরা পরাগকে ছেড়ে দেওয়ার পর আঁটিবাজার থেকে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা পরাগকে ছেড়ে দেয় বলে র‌্যাব জানালেও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, মুক্তিপণ দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। যে স্থান থেকে পরাগকে অপহরণ করা হয় বাসায় নেওয়ার আগে সেখানে তাকে নিয়ে গিয়ে হিন্দু ধর্মমতে পূজা দেওয়া হয়। এসময় পরাগের সঙ্গে সার্বক্ষণিক তার দাদি ছিলেন। পরে বিকাল সোয়া চারটার দিকে তাকে বাসায় নেওয়ার পর আবারও পূজা দেওয়া হয়। পরাগের বাবা বিমল মণ্ডল বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরাগকে নিয়ে আমরা বাসায় ফিরেছি। তার অবস্থা এখন ভালো। তবে ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে। কিছু নিয়মও বেঁধে দিয়েছেন ডাক্তার।” পরাগের মা লিপি মণ্ডলও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মা-ছেলে দুজনকে একসঙ্গে বাসায় নিয়ে আসা হয় বলে জানান বিমল মণ্ডল। নানাভাবে সহায়তা দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না জিজ্ঞেস করা হলে পরাগের বাবা বলেন, “এ এলাকায় অন্য সবাই থাকতে পারলে আমি থাকতে পারবো না কেন?” পরাগের মামা বিভাস মণ্ডল জানান, পরাগকে দেখার জন্য এলাকার লোকজন এবং আত্মীয়স্বজন বাসায় আসছেন। পরাগের মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালোভাবে ছেলেকে ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। তার কাছে আমরা ঋণী।” ভাইকে ফিরে পেয়ে খুশি ছোট বোন পিয়ালী। বড় বোন গুলিবিদ্ধ পিনাকীও আনন্দিত। সাংবাদিকরা পরাগের সঙ্গে কথা বলতে চাইলে সে কোনো কথা না বলে শুধু হাসে এবং সবাইকে টা-টা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এইচএ/১৮০৮ ঘ.