২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথা হল না হাসিনা-খালেদার

দুই বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে একসাথ হলেও দুই প্রধান রাজনৈতিক নেত্রীর মধ্যে কোনো কথা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের এক বছর আগে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে একসাথ হলেও কোনো কথা হয়নি দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার। বুধবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা যোগ দেন। দুজনে প্রায় পৌনে এক ঘণ্টা ওই অনুষ্ঠানে থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করেই অনুষ্ঠানস্থল ছাড়েন বিরোধী নেতা। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরুর একটু আগেই সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। ঠিক ৪টার সময় পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপগুলোও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় খালেদা জিয়া অতিথি মঞ্চে স্পিকার আবদুল হামিদের সঙ্গে বসেছিলেন। তাকে স্পিকারের সঙ্গে কথাও বলতে দেখা যায়। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অন্য সবাই হাততালি দিলেও খালেদা জিয়াকে তা করতে দেখা যায়নি। বিরোধীদলীয় নেতার সঙ্গে কী কথা হয়েছে- পরে সাংবাদিকরা জানতে চাইলে স্পিকার বলেন, “আমি বিরোধীদলীয় নেতাকে সংসদে আসতে অনুরোধ করেছি। তিনি বলেছেন, বিবেচনা করে দেখবেন।” খালেদা জিয়া শামিয়ানায় গিয়ে বসলেও সেখানে বসে থাকা মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ এবং কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেননি। অনুষ্ঠানে বক্তব্যের পর সোনালী রঙের শাড়িপরা শেখ হাসিনা হেঁটে হেঁটে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অন্যদিকে গোলাপি রঙের শাড়িপরা খালেদাও কুশল বিনিময় করেন অতিথিদের সঙ্গে। তবে দুজন দুই দিকে কুশল বিনিময় করায় তাদের মধ্যে দেখা হয়নি। একবার মূল সামিয়ানার নিচে খুব কাছাকাছি এসেছিলেন দুজন। সেনাকুঞ্জ চত্বরে সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে খালেদা জিয়া পুনরায় শামিয়ানার দিকে এগোতে দেখা যায়, তখন সেখানে প্রধানমন্ত্রী ছিলেন। এক পর্যায়ে সামিয়ানার নিচে না ঢুকে বিএনপি চেয়ারপারসনকে ঘুরে আবার অতিথিদের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রাখতে দেখা যায়। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করেই পৌনে ৫টার দিকে বিরোধীদলীয় নেতা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তিন বাহিনীর প্রধানের সঙ্গেও দেখা হয়নি তার। প্রধানমন্ত্রী ৫টার কিছু সময় পর পর্যন্ত অনুষ্ঠানস্থলে ছিলেন। খালেদা জিয়া যতক্ষণ সেনাকুঞ্জে ছিলেন, ততক্ষণ তার সঙ্গে ছিলেন নৌ-বাহিনীর একজন নারী কর্মকর্তা। তিনি খালেদা জিয়ার ডানহাত ধরে তাকে হাঁটতে সাহায্য করেন। খালেদা জিয়ার সঙ্গে সেনাকুঞ্জে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তারা। দুই নেত্রীকে এক অনুষ্ঠানে সচরাচর দেখা না গেলেও দুই বছরের আগের সময়গুলোতে বরাবরই সেনাকুঞ্জের অনুষ্ঠানে এক হতেন তারা। গত দুই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপারসন। সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। ২০০৯ সালে সর্বশেষ দুজনের একসঙ্গে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা হলে কুশল বিনিময়ও হয়। সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে দেশের রাজনীতিক, বিচারপতি, কূটনীতিক, সম্পাদক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারাও যোগ দেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অ্যাটর্নি জেনারেল, সাবেক নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার অনুষ্ঠানে ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী অনুষ্ঠানে ছিলেন। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে সেনা, নৌ ও বিমান বাহিনী। স্বাধীনতার পর থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি ও স্থাপনা এবং বিমান ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বুধবার ফজর নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দেন। প্রধানমন্ত্রী বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭২৫ ঘ.