২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির প্রতিবেদন সংসদে সমালোচনা না করে আলোচনার আহ্বান

টিআইবির প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদে ব্যাপক সমালোচনা করায় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করার দাবি তোলায় সংসদ সদস্যদের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মনে করেন বিএনপি নেতা এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের সমালোচনা না করে জাতীয় সংসদে আলোচনার প্রস্তাব রেখেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। বুধবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সংসদে ক্ষমতাসীন দলের সদস্যরা টিআইবিকে নিষিদ্ধ করার দাবি করেছেন। এর মাধ্যমে তাদের দুর্বলতাই প্রকাশ পেয়েছে। টিআইবিকে বন্ধ করা কোনো সমাধান হতে পারে না। তাদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেয়া উচিৎ।” “কোন তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি প্রতিবেদন তৈরি করেছে, তা জেনে এই নিয়ে সংসদ আলোচনা করার জন্য আমি আহবান জানাচ্ছি”, যোগ করেন তিনি। দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে টিআইবি গত ১৪ অক্টোবর এক প্রতিবেদনে বলে, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে’ জড়িত। সোমবার সংসদ সদস্যরা একযোগে টিআইবির সমালোচনায় মুখর হয়। টিআইবির নির্বাহী পরিচালকসহ কর্মকর্তাদের তলবের দাবি তোলেন তারা। দাবি করেন জার্মানভিত্তিক এই প্রতিষ্ঠানের এ দেশে কার্যক্রম বন্ধ করে দেয়ারও। টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের নেতাদের সমালোচনা সম্পর্কে সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, “ওই প্রতিবেদনের তথ্যের সূত্র কি তা জানতে হবে। কিন্তু তা না জেনে যেভাবে প্রতিষ্ঠানটিকে দোষারোপ করা হচ্ছে, তা সঠিক নয়। কেউ দুর্নীতি করলে তাকে এভাবে চাপা দেয়া যাবে না।” জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। টাঙ্গাইলের ঘাটাইলের উপনির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, ঘাটাইলে আওয়ামী লীগের প্রার্থীর কি অবস্থা হয়েছে একটু ভেবে দেখুন। এখনো সময় আছে, গণতন্ত্রের পথে আসুন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।” ১৮ নভেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে আওয়ামী লীগের বহিস্কৃত প্রার্থী আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের প্রার্থী সহিদুল ইসলাম লেবুকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হন। তারেক রহমানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এম কে আনোয়ার বলেন, “দেশের বর্তমান অসহনীয় অবস্থা বিরাজমান। আমরা আশা করছি, তারেক সুস্থ হয়ে দেশে ফিরে নেতৃত্ব নিলে এই অবস্থার অবসান ঘটবে।” সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫০১ ঘ.