ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাংলাদেশের সেনা সদস্যদের কাজের প্রশংসা করেছেন পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট জোসে হামোস অর্তা।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট জোসে হামোস অর্তা তার দেশে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কাজের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
তাছাড়া পূর্ব তিমুরে বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণ অবস্থানেরও প্রশংসা করেছেন তিনি।
বৈঠকে বাংলাদেশে শিক্ষার প্রসারে বিনামূল্যে বই বিতরণসহ স্কুল ফিডিং কার্যক্রমের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে জোসে হামোস অর্তা শিক্ষার প্রসারে বাংলাদেশের অভিজ্ঞতা তার দেশের কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশীয় বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে পরিকল্পনা নেয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের খাদ্যে স্বংয়সম্পূর্ণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের মানুষ সামান্য প্রণোদনা পেলে স্বাবলম্বী হতে পারে।
বাংলাদেশের জনগণের সাহস ও কর্মনিষ্ঠার প্রশংসা করে পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেয়া বক্তৃতায় তিনি অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৪৯ ঘ.
bdnews24