ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গ্যাস খাতে বর্তমানে কোনো সিস্টেম লস নেই বলে দাবি করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমের মৌখিক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
প্রতিমন্ত্রী বলেন, “বিপণন কোম্পানিগুলোর সিস্টেম লস কমানোর জন্য ২০০৮ সালে টাস্কফোর্স গঠন করা হয়েছিল, যা চালু রয়েছে। সে সময়ে টাস্কফোর্স গঠনের ফলে বর্তমানে সিস্টেম লস কমানো সম্ভব হয়েছে।”
সিস্টেম লস কমানোর জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এনামুল হক জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোলাম দস্তগীর গাজীর জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে গ্যাসের চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ ঘাটতি রয়েছে, যার পরিমাণ দৈনিক ২৫০ মিলিয়ন ঘনফুটের বেশি। সরবরাহের স্বল্পতায় নতুন গ্যাস লাইন নির্মাণ ও স¤প্রসারণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
ভবিষ্যতে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাওয়া সাপেক্ষে আর্থিক ও কারিগরিভাবে ইতিবাচক হলে শিল্প কারখানায় গ্যাস সরবরাহের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৩২ ঘ.
bdnews24