২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছরে আট সাংবাদিক খুন: ইনু

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় আট সাংবাদিক খুন হলেও এই পেশার কেউ নির্যাতিত হয়নি বলে দাবি করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় আট সাংবাদিক খুন হলেও এই পেশার কেউ নির্যাতিত হয়নি বলে দাবি করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের বিএনপি সাংসদ রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ইনু বলেন, “বর্তমান সরকারের সময়ে কোনো সাংবাদিক নির্যাতিত হয় নাই। বিভিন্ন ঘটনায় আট জন সাংবাদিক খুন হয়েছেন।” এই আট জন হলেন- মাছরাঙা টেলিভিশনের গোলাম মোস্তফা সরওয়ার সাগর, এটিএন বাংলার মেহেরুন রুনি, যশোরের দৈনিক গ্রামের কগজের শার্শা উপজেলার কাশিমপুর প্রতিনিধি জামাল উদ্দিন, এনটিভির মো. আতিকুল ইসলাম, দৈনিক জনতার সম্পাদক মো. ফরহাদ খান, এটিএন বাংলার ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু, সিলেটের সাংবাদিক ফতেহ ওসমানী এবং দৈনিক ভোরের ডাকের ফরিদুর রহমান রঞ্জু। মন্ত্রী দাবি করলেও গত কয়েকবছরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের বেশ কিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে গত মে মাসে আগারগাঁও ও পুরান ঢাকার আদালত পাড়ায় ছয় সাংবাদিক পুলিশের পিটুনির শিকার হয়েছিলেন। জুলাই মাসে সন্ত্রাসী হামলার শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কয়েকজন কর্মী। এর বাইরেও সারাদেশে বেশ কিছু নির্যাতনের ঘটনা ঘটেছে। কুমিল্লা-১ আসনের সাংসদ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের সময়ে টেলিভিশন চ্যানেলসহ সকল গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।” “দেশের সংবাদপ্রত্রে প্রতিদিন প্রকাশিত সংবাদ, ফিচার, মন্তব্য, কার্টুন এবং বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদ ও টক-শো দেখলেই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে,” বলেন ইনু। একই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা ও নীতিবোধ গভীরভাবে সম্পর্কিত। পূর্ণ বাক স্বাধীনতার সুযোগে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের চরিত্র হনন কারো কাম্য নয়। সাংবিধানিক সীমারেখা প্রতিপালন করা সকল সাংবাদিকের জন্য অপরিহার্য।” সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমিনা আহমেদের প্রশ্নের জবাবে ইনু জানান, অবৈধ কেব্ল ব্যবসা বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালত ঢাকার লাইসেন্সবিহীন দুইটি কেব্ল অপারেটরের একটির ব্যবসা বন্ধ এবং অপর অপারেটরকে জরিমানা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮৪৫ ঘ.