মেহেরপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের সদর উপজেলা থেকে এক কলেজ ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার শোলমারী গ্রামের পুড়াতুলার একটি পিঁয়াজ ক্ষেত থেকে মিঠুন মণ্ডলের (২২) লাশ উদ্ধার করা হয়।
শোলমারী গ্রামের কুরমান মণ্ডলের ছেলে মিঠুন মেহেরপুর পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, সোমবার বিকালে মিঠুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে পিঁয়াজ ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মিঠুনের গলা ও পায়ের রগ কাটা ছিল বলে জানান তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৪ ঘ.
bdnews24