ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবমেরিন কেবলের মেরামত কাজ সোমবার রাতেই শেষ হচ্ছে। তবে মেরামতকালে এক ঘণ্টা দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেরামতের শেষ কাজ রাত ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে, তারপর ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরে আসবে।”
মেরামত চলাকালীন সময়ে মাত্র এক ঘণ্টা ইন্টারনেটে ধীর গতির সমস্যায় পড়তে হতে পারে, বলেন তিনি।
গত ১৫ নভেম্বর থেকে সিঙ্গাপুর-মালেয়শিয়ার মাঝামাঝি এলাকায় সাবমেরিন কেবল অংশে রিপিটার স্থাপন করার কাজ শুরু হয়।
মনোয়ার বলেন, ২০ নভেম্বর পর্যন্ত কেবল মেরামতের কাজ চলার কথা থাকলেও তা একদিন আগেই শেষ হচ্ছে।
সাবমেরিন কেবল মেরামতের সময় বিএসসিসিএল বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট সংযোগ চালু রাখায় খুব সমস্যা হয়নি বলে জানান তিনি।
বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়ায় বিকল্প ব্যবস্থা থাকায় তাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয় না।
বাংলাদেশ সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল।
এই সাবমেরিন কেবল সংযোগ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২২৪১ ঘ.
bdnews24