গাজীপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রোববার রাতে এক মুক্তিযোদ্ধাসহ দু’জনের বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করেছে।
চুয়ারিয়াখোলা গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে মো. মঞ্জুরুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে হাফপ্যান্ট ও কালো মুখোশপড়া ১০-১২জন ডাকাত তার বাবার ঘরের বারান্দার কলাপসিবল গেটের তালা কেটে এবং ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে।
এ সময় বাধা দিলে তারা রড দিয়ে তার বাবাকে আঘাত করে এবং অস্ত্রের মুখে আলমারিতে থাকা নগদ একলাখ টাকা ও চার ভড়ি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
তিনি আরো বলেন, পালিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে প্রতিবেশী তাইজুদ্দিনের বাড়ির লোকজন এগিয়ে এলে ডাকাতরা তাদের বাড়িতে ঢুকে পড়ে।
অস্ত্রের মুখে তাইজুদ্দিনের মেয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি মো. এনায়েত উদ্দিন বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24