২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিসিএস প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি’

সংবাদপত্রে প্রকাশিত খবরের কারণে পরীক্ষা স্থগিত হলেও তদন্ত করে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সংসদে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি গুজবই ছিল বলে সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, প্রশ্ন ফাঁসের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের লিখিত এই উত্তর উপস্থাপিত হলেও সংসদে ছিলেন না মন্ত্রী সৈয়দ আশরাফ। মন্ত্রী বলেন, “বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের দালিলিক কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। কথিত প্রশ্নফাঁসের ঘটনা উদঘাটনে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক গঠিত আন্তঃমন্ত্রনালয় তদন্ত কমিটি কাজ করছে। প্রশ্ন ফাঁসের কথা ওঠার পর গত ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্মকমিশন। পরে পরীক্ষা শুরুর নতুন তারিখ দেয় ১৮ ডিসেম্বর। আশরাফুল বলেন, “পত্র-পত্রিকায় পরীক্ষা ফাঁসের গুজবের সংবাদ প্রকাশিত হওয়ায় পরীক্ষার্থীসহ জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ওই পরীক্ষা স্থগিত করা হয়।” প্রশ্ন ফাঁসের বিষয়ে তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য পিএসসি অনুরোধ জানালেও তাতে কোনো সাড়া মেলেনি বলে জানান তিনি। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রকে সনাক্ত করতে অতিরিক্ত সচিব মর্যাদার কোনো কর্মকর্তার নেতৃত্বে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। কিন্তু মন্ত্রণালয় তা না করে পিএসসিকেই তদন্ত কমিটি গঠন করতে বলে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, কমিশন গঠিত কমিটির তদন্ত কাজ প্রক্রিয়াধীন। সরকারি চাকরিতে পদ সাড়ে ১৩ লাখ সংসদ সদস্য নাজমা আক্তারের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, বর্তমানে সরকারি চাকরিতে মোট পদের সংখ্যা ১৩ লাখ ৭০ হাজার ১২৭টি। এর মধ্যে ২ লাখ ৪২ হাজার ২০৫টি পদ বর্তমানে খালি রয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কিছু কিছু পদে নিয়োগ চলমান প্রক্রিয়া। তবে, কিছু পদ নিয়ে আদালতে মামলা চলছে। ওই মামলাগুলো সম্পন্ন হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।” সংসদ সদস্য শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে আশরাফ জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে আশরাফ আরো বলেন, বর্তমানে সরকারি চাকরিতে সাধারণ কোটা বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৯৯৭ সালের ১৭ মার্চ সরকারি চাকরিতে কোটা সম্পর্কে পরিপত্র জারি করা হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের জন্য বিদ্যমান বিভিন্ন ধরনের কোটার শতকরা হার হচ্ছে- মেধা কোটা (জেলা কোটা বহির্ভূত) ৪৫ শতাংশ, জেলা কোটা (জনসংখ্যার ভিত্তিতে জেলা ওয়ারী বন্টন) ৫৫ শতাংশ, মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, মহিলা ১০ শতাংশ, উপজাতীয় ৫ শতাংশ এবং অবশিষ্ট (জেলার সাধারণ প্রার্থীদের জন্য) ১০ শতাংশ। তাছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী (জেলা কোটা বহির্ভূত) ১০ শতাংশ, জেলা কোটা (জনসংখ্যার ভিত্তিতে জেলা ওয়ারী বন্টন) ৯০ শতাংশ, মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, মহিলা ১৫ শতাংশ, উপজাতীয় ৫ শতাংশ, আসনার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য ১০ শতাংশ এবং অবশিষ্ট (জেলার সাধারণ প্রার্থীদের জন্য) ৩০ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০৪ ঘ.