রংপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রংপুরে যুবদলের ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
জেলা যুবদলের তথ্য ও সম্পাদনা বিষয়ক সম্পাদক মিলন হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল ডাকে রংপুর জেলা যুবদল।
গত ১২ নভেম্বর রাতে যুবদলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক মিলনকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সকাল ৬টায় শুরু হওয়া এ হরতালে শহরের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে প্রধান সড়ক এবং পাড়া-মহল্লার রাস্তাগুলোতে অল্প সংখ্যক রিকশা চলে।
হরতালের কারণে রংপুরে ওপর দিয়ে দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কোনো যানবাহন চলাচল করেনি। ফলে এসব জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
হরতালের সমর্থনে সকাল ৭টায় যুবদল শহরে বিক্ষোভ মিছিল করে। তবে পুলিশ মিছিলটি এগুতে না দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, হরতালে কোনো ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই হরতার পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৪২৫ ঘ.
bdnews24