২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর আত্মহত্যাদায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বখাটে যুবক উত্ত্যক্ত করায় কলেজছাত্রী রিমির আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বখাটে যুবক উত্ত্যক্ত করায় কলেজছাত্রী রিমির আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বিকালে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদি গ্রামে কলেজ ছাত্রী ফারহানা ইসলাম রিমির বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত¡না দিতে গিয়ে মন্ত্রী এ নির্দেশ দেন। এসময় তিনি রীমির বাবা কৃষক রফিকুল ইসলাম, তার ভাই-বোনসহ অন্যদের সঙ্গে কথা বলেন । পিরোজপুরের রফিকুল ইসলামের মেয়ে রিমি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় বর্ষে পড়তেন। শনিবার সকাল ১০টার দিকে রিমি কলেজে যাচ্ছিলেন। পথে মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় শামীম নামে এক বখাটে যুবক তার পথরোধ করে। এ সময় সে রিমির হাত ধরে টানা-হেঁচড়া করে এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পর বেলা ১১টার দিকে বাসায় ফিরে লজ্জায় ও অপমানে কীটনাশক পান করে আতœহত্যা করেন রিমি। রোববার বিকালে তাকে গোয়ালদি কবরস্থানে দাফন করা হয়েছে। রিমির বাড়ি প্রত্যন্ত এলাকায় হওয়ায় নাহিদ গোয়ালদি বাজারে গাড়ি থেকে নেমে প্রায় এক কিলোমিটার রাস্তা মোটর সাইকেলে চড়ে অতিক্রম করেন। তার পায়ে সমস্যা থাকায় পরে ক্রাচের সাহায্য নিয়ে প্রায় ১০ মিনিট হেটে রীমিদের বাড়িতে পোঁছান। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসিরন প্রমুখ। নাহিদ বলেন, “রিমি আত্মহত্যা করেছে এটা বলা যাবে না। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। প্রকারান্তরে এটা হত্যা।” তিনি বখাটেদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে বলেন, “নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। যে পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না ঘটবে, সমাজে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।” শিক্ষামন্ত্রী নারীদের উত্ত্যক্ত করা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান। পরে তিনি সোনারগাঁও ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এদিকে রিমির মৃত্যুর জন্য দায়ী বখাটে শামীমকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোগাপাড়ায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে এ ব্যাপারে স্মারকলিপিও পেশ করেন। অন্যদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার বিকেলে ও রোববার সকালে দুই দফা বখাটে যুবক শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। তবে হামলার আগেই শামীম ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়। পুলিশ ঘটনার জন্য দায়ী বখাটে শামীমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, বখাটে শামীমকে গ্রপ্তারে অভিযান চলছে। দ্রুত আসামীকে গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০০ ঘ.