২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোকসান হলেও কিছু আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট চলবে’

লোকসান হলেও কিছু কিছু আন্তর্জাতিক রুটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকসান হলেও কিছু কিছু আন্তর্জাতিক রুটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে জাতীয় পার্টির সাংসদ হাফিজ উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে ফারুক খান একথা জানান। মন্ত্রী বলেন, “লিজ নিয়ে ফ্লাইট চালানো পুরোপুরি লাভজনক নয়। লোকসান হলেও কিছু কিছু রুটে ফ্লাইট চালিয়ে যেতে হবে।” এর আগে ফজলুল আজিমের অপর এক প্রশ্নের জবাবে ফারুক খান জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে বিমানের লোকসান ঠেকেছে যথাক্রমে ৪৬ কোটি দুই লাখ ও ১৯৯ কোটি ৪৯ লাখ টাকায়। বিমান মন্ত্রী আরো জানান, বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির বার্ষিক মুনাফা ছিলো যথাক্রমে ৫ কোটি ৯১ লাখ ও ১৫ কোটি ৫৭ লাখ টাকা। এদিকে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান অব্যাহত লোকসান দিচ্ছে এ কথা সত্য নয়। মন্ত্রী জানান, নিজস্ব মাত্র আটটি উড়োজাহাজ দিয়ে বিমান বাংলাদেশ তাদের আন্তর্জাতিক ১৬টি রুট চালাচ্ছে। তবে ওই আটটি বিমানে তা সম্ভব না হওয়ায় আরো চারটি উড়োজাহাজ ভাড়া করা হয়েছে। এরপরেও দিল্লি, করাচী, ম্যানচেস্টার, মিলান’র রুটগুলো বন্ধ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০২৭ ঘ.