কিশোরগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতির অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি, ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ২টি ডিজিটাল ক্যামেরা, ৫টি ল্যাপটপ, ২৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- নোয়াখালীর চাটখিল উপজেলার হারুন অর রশিদ(৩২) ও মনির হোসেন (৪০), ভোলার চাষারা গ্রামের হাসান (২৫), কুমিল্লার খিলপাড়া গ্রামের মাহবুব (২৫) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পিয়ালা বেগম (২৭), হাসনা বেগম (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদারের নেতৃত্বে কটিয়াদী থানা পুলিশের একটি দল শনিবার মধ্যরাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের রোববার দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, গ্রেপ্তাররা কটিয়াদী উপজেলায় সংঘটিত দুটি ডাকাতি মামলার পলাতক আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৪ ঘ.
bdnews24