সিরাজগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় ফিরোজ ইকবাল নামে এক ঠিকাদারকে অপহরণের ২ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের জন্য আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে দায়ী করেছেন ফিরোজ। পুলিশ বলছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে।
সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে ফিরোজকে রোববার সকাল ১০টার দিকে বনবাড়ীয়া জোড় সেতুর কাছ থেকে অপহরণ করা হয় বলে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানিয়েছেন।
এর দুই ঘণ্টা পর স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম জিল্লুরের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফিরোজকে উদ্ধার করা হয়।
ফিরোজ পুলিশকে বলেছেন, সলঙ্গা থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে আবুল কালামের নেতৃত্বে ৫/৬জন অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।
অপহরণকারীরা ফিরোজকে মারপিট করে তার কাছে থাকা ১ লাখ ৯৫ হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় বলে ওসি জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। অপহরণকারী কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24