ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সদস্যদের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) প্রতিবেদন স্বাধীন ও নিরপেক্ষভাবে তৈরি ও প্রকাশ করা হয়নি বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টিআইবির প্রতিবেদন তৈরির পদ্ধতি ছিল অত্যন্ত দুর্বল। এর তথ্যগুলোও অসম্পূর্ণ, যা বস্তুনিষ্ঠ নয়। তাদের প্রতিবেদনে আমরা হতাশ হয়েছি।”
তিনি দাবি করেন, প্রতিবেদন তৈরিতে যথাযথ কোনো গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়নি। নিজস্ব পূর্ব ধারণাকে প্রতিষ্ঠিত করতে সুবিধামতো প্রশ্ন নিয়ে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।
দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে’ জড়িত।
প্রতিবেদনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে তথ্য মন্ত্রণালয় ওই প্রতিবেদনের বিষয়ে ৩১টি প্রশ্নের উত্তর জানাতে বলে। টিআইবিও লিখিতভাবে ওই প্রশ্নগুলোর উত্তর দেয়।
উত্তর হাতে পাওয়ার পর ১৩ নভেম্বর এক তথ্যবিবরণীতে বলা হয়, ফলাফল ঠিক করে তারপরই সংসদ সদস্যদের আচরণ নিয়ে টিআইবি জরিপ চালিয়েছিল বলে মনে করছে তথ্য মন্ত্রণালয়।
রোববার সংবাদ সম্মেলন করে এই বিষয়ে মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো।
ইনু বলেন, “প্রতিবেদনে ৯৭ ভাগ সংসদ সদস্যের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। যা বলা হয়েছে, তার ভিত্তি খুবই দুর্বল, অতিসরলীকৃত, অনির্দিষ্ট এবং ভাসাভাসা।”
“সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে টিআইবির এ প্রতিবেদন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু তাদের প্রতিবেদনে আমরা হতাশ হয়েছি। কারণ কারো বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়ার মতো কোন তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি”, যোগ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেদনের বিষয়ে তথ্য মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে না; বরং যাদের নিয়ে এ প্রতিবেদন, জাতীয় সংসদের ওই সদস্যরাই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদনের বক্তব্য ও ফলাফল সংশোধন করতে টিআইবিকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
এছাড়াও প্রতিবেদনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পর্যবেক্ষণগুলো সংস্থাটির সদর দপ্তরেও পাঠানো হবে বলে জানান তথ্যমন্ত্রী।
তথ্য সচিব হেদায়েত উল¬াহ আল মামুন, প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলামও এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬২৫ ঘ.
bdnews24