ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া কেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পন্ন করার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ রোববার এই রুল জারি করে।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, প্রতিরক্ষা সচিব, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল কর্তৃপক্ষকে ৩ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ দুপুরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। পরে তিনি নিজেই শুনানি করেন।
শুনানিতে সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
রিট আবেদনে বলা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ছাড়া আর কোনো ভর্তি পরীক্ষা সরকার নিয়ন্ত্রণ করে না। এই ভর্তি প্রক্রিয়ার ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ সম্পূর্ণ অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত।
শুনানি শেষে রাজিক আল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় শিক্ষানীতি, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অর্ডিনেন্স অনুসারে সব পাবলিক ও প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরের নির্দেশনা কেন দেওয়া হবে না, আদালত তা জানাতে রুল জারি করেছে। আমরা এখন এটা পরীক্ষা করে দেখব।”
তবে এই রিট আবেদনের কারণে চলতি বছরের ভর্তি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭১০ ঘ.
bdnews24