২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিবহন ধর্মঘট

চকরিয়ায় ডাকাতের গুলিতে বাস চালকের মৃত্যুর প্রতিবাদে ডাকা এ ধর্মঘটে কক্সবাজার ও বান্দরবনসহ ১৯ রুটে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডাকা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়ায় ডাকাতের গুলিতে বাস চালকের মৃত্যুর প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে । আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ দক্ষিণ চট্টগ্রামের এই রুটগুলোয় কোনো যাত্রীবাহী পরিবহন চলছে না। পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকেই কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলামুখী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালককে হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে কোনো যানবাহন চলছে না। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। নিহত চালকের খুনিদের গ্রেপ্তার, হত্যার প্রতিবাদ, মহাসড়কে নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট। সাতদিনের মধ্যে এসব দাবি মানা না হলে লাগাতার ধর্মঘটের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়ার ডাকাতের গুলিতে নিহত হন কক্সবাজারগামী তিশা পরিবহনের চালক জসিম উদ্দিন। এ সময় ডাকাতরা বাসের সহকারীকেও আহত করে এবং যাত্রীদের বিভিন্ন মূণল্যবান জিনিসপত্র লুট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৩১২ ঘ.