ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া।
রোববার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার রাত ৩টার দিকে বৌবাজার বস্তিতে আগুন লেগে পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। নিহত হয় অন্তত ১১ জন।
দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, “জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে ত্রাণ পাঠানোর পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়া এবং আহতদের সুচিকিৎসা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।’’
খালেদা জিয়া বলেন, “এহেন হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের কষ্টসহিষ্ণু মানুষ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে।”
“আমি বিশ্বাস করি, হাজারীবাগের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে”, বলেন তিনি।
খালেদা জিয়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেন। তিনি অবিলম্বে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৩৫ ঘ.
bdnews24