চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর জামায়াত ও ছাত্র শিবিরের হামলা ও যানবাহন ভাংচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগরীতে আটক ৭৯ জনের মধ্যে ২৭ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার রাতভর নগরীর চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজের ছাত্রাবাসসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা ও থানা পুলিশ ৭৯ জনকে আটক করে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭৯ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৭ জনকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের গ্রেপ্তার দেখানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়। এদের প্রায় সবাই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী।
নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতয়ালী জোন) আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম সরকারি কলেজের আবদুস সবুর হল এবং সরকারি মহসিন কলেজের নতুন ছাত্রাবাস থেকে অনেক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
রোববারের হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করে এই ঘটনায় দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার সকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ঝটিকা মিছিল বের করে পুলিশের ওপর হামলা করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ভাংচুর করে পুলিশের পিকআপ ভ্যানসহ বেশকয়েটি বাস ও ট্রাক।
এ ঘটনার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাস থেকে শিবিরকর্মী সন্দেহে ৩৭ জনকে আটক করা হয়।
এই ঘটনায় পুলিশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় তিনটি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এসইউ/২২১০ ঘ.
bdnews24