বরিশাল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে দুই দিন আগে নিখোঁজ হওয়া নবজাতকের খোঁজ মিলেছে।
বৃহস্পতিবার রাতে বরিশাল পুলিশ লাইনের এক নিঃসন্তান কনস্টেবলের বাসা থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়েছে।
শিশুটির মা পটুয়াখালীর সুবিদখালীর পারভীন (২৫) গত ২৪ অক্টোবর বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৪ নভেম্বর শিশুটির জন্মের কিছু পরেই পারভীন মারা যান।
স্বজনদের কাউকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর লাশ রেখে আসে মর্গে। কিন্তু নিখোঁজ হয়ে যায় তার নবজাতক সন্তানটি।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ থানায় জিডি করলে বিষয়টি জানাজানি হয়।
তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল জানান, হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করে তিনি প্রথমে পারভীনের মায়ের খোঁজ পান। পারভীনের লাশ শুক্রবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে দেয়া হবে।
পরে হাসপাতালের সেবিকা আঁখি পুলিশকে জানান, কবির নামে পুলিশের এক সদস্য শিশুটিকে নিজের বাসায় নেয়ে গেছে। কবিরের পুরো নাম সেবিকা বলতে পারেননি। তবে কবির যে পুলিশ লাইনে থাকেন তা ওই সেবিকা জানান।
“পুলিশ লাইনে গিয়ে কবির নামে যে কয়জন পুলিশ সদস্য আছে সবাইকে ডাকানো হয়। তখন নিঃসন্তান কনস্টেবল কবিরুল ইসলাম শিশুটিকে বাসার নেয়ার কথা স্বীকার করেন,” বলেন এসআই মুকুল।
তিনি বলেন, রাতে নবজাতককে তার নানীর কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
কনস্টেবল কবিরুল ইসলাম জানান, তিনি নিঃসন্তান। অনেক দিন আগেই সেবিকা আঁখিকে তিনি এই ধরনের এতিম শিশুর কথা বলে রেখেছিলেন।
হাসপাতালে পারভীনের চিকিৎসার খরচ দিয়েছেন দাবি করে কবির বলেন, পারভীন সুস্থ হয়ে লিখিতভাবে বাচ্চাটিকে তার স্ত্রীকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১০০ ঘ.
bdnews24