ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাদেশ হিসাবে জারি করা ‘বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) আইন’ এবং ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ দুটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে ইতোমধ্যে এ দুটি আইন অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। এবার দুটি অধ্যাদেশ বিল আকারে পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
এছাড়া কুয়েতের সঙ্গে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং বেলারুশের সঙ্গে দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ ‘উন্নয়ন ও সংরক্ষণ’ চুক্তির খসড়াও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।
সচিব বলেন, “বার কাউন্সিলে আইনজীবীদের তালিকাভুক্তি কমিটিকে শক্তিশালী করা এবং সচিব নিয়োগের জটিলতা দূর করতে ইতোমধ্যে সংশোধিত আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। আইনি বাধ্যবাধকতা থাকায় অধ্যাদেশটিকে চলতি সংসদ অধিবেশনে পাসের জন্য বিল আকারে তোলা হবে।”
সংশোধিত আইনে এই তালিকাভুক্তি কমিটির পরিধি বাড়িয়ে তিন সদস্যের পরিবর্তে পাঁচ সদস্য নিয়োগের নিয়ম করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একজন বিচারপতিকে প্রধান করে এবং হাইকোর্ট বিভাগের দুইজন বিচারপতিকে সদস্য এবং বার কাউন্সিলের চেয়ারম্যান ও একজন মনোনীত প্রতিনিধিকে সদস্য হিসাবে নিয়ে তৈরি হবে এই তালিকাভুক্তি কমিটি।
এই কমিটির অনুমোদন পেলেই একজন আইনজীবী বাংলাদেশের আদালতে মামলা লড়ার সুযোগ পাবেন।
সচিব জানান, বার কাউন্সিলের সচিব পদে নিয়োগের জটিলতা এড়াতে এ পদের জন্য মনোনীত ব্যক্তির যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে আইনের খসড়ায়। এতে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের কর্মকর্তাকে সচিব নিয়োগের বিধান করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের ব্যাখ্যায় সচিব বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরকার ২০১০ সালে দুই বছরের জন্য এ আইন প্রণয়ন করে। গত ১১ অক্টোবর আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওইদিন থেকে আরো দুই বছরের জন্য আইনের মেয়াদ বাড়ানো হয়।
অধ্যাদেশ আকারে জারি করা এ আইনটিও চলতি সংসদ অধিবেশনেই পাসের জন্য তোলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৫০ ঘ.
bdnews24