চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিলদার গোলাম রসুলের জেরা শেষ হয়েছে।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তাকে জেরা করেন আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী।
বুধবার বেলা পৌনে একটা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার সাক্ষীকে জেরা করেন।
এর আগে গত ৩১ অক্টোবর আদালতে সাক্ষ্য দিয়েছিলেন কর্ণফুলী থানার বন্দর ফাঁড়ির তৎকালীন হাবিলদার গোলাম রসুল।
একইদিন তাকে আংশিক জেরা করে পরের দিন ১ নভেম্বর এবং ১৩ নভেম্বর সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
আদালত জেরা শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মামলার কার্যক্রম মূলতবি করেছে। ওইদিন নতুন একজন সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে।
সাক্ষ্যের বক্তব্য উল্লেখ করে বাবরের আইনজীবী প্রশ্ন করেন, ‘এই কথাগুলো ২০০৯ সালের ১৭ ডিসেম্বর হাকিমের (ম্যাজিস্ট্রেটের) কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেন নি।’
উত্তরে গোলাম রসুল বলেন, “বলেছিলাম, জবানবন্দিতে আছে কি না আমি জানি না।”
আইনজীবীর প্রশ্ন, ‘ঘটনার রাতে প্রদীপ কুমার দাশ, মো. বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, মো. নুরুন্নবী ও মো. হেলাল উদ্দিন নামের পাঁচ জনকে আটক করেছিলেন?’
জবাবে সাক্ষী বলেন, “যাদের আটক করেছি তাদের নাম জানি না।”
‘মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তাকে আপনি এই পাঁচজনের নাম বলেছিলেন’ এমন প্রশ্নের জবাবে গোলাম রসুল উত্তর দেন- “বলিনি।”
আইনজীবী জানতে চান, ‘মামলার তদন্ত কর্মকতা এই পাঁচ জনকে আদালতে পাঠিয়েছিল।’
উত্তরে গোলাম রসুল বলেন, “এটা তদন্ত কর্মকর্তার ব্যাপার, আমি জানি না।”
আইনজীবী জানতে চান, ‘২০০৯ সালের ২৫ মার্চ তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে দেওয়া জবানবন্দিতে আটক পাঁচ জনকে ছেড়ে দিতে বাবরের নির্দেশের কথাটি বলেননি।’
গোলাম রসুল বলেন, “বলেছি।”
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24