২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মিলন মেলা

কালীপূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে নাগর নদীতীরে বুধবার এপার-ওপার বাংলার মানুষের মিলনমেলা বসেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালীপূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে নাগর নদীতীরে বুধবার এপার-ওপার বাংলার মানুষের মিলনমেলা বসেছিলো। ভারতীয় অধিবাসীরা কাঁটাতারের বেড়ার পাশে শ্রী শ্রী মকড়াভিটা কালী ম-পে এলে সেখানে বাংলাদেশেরও হাজার হাজার নারী পুরুষ ওই মন্দিরের পাশে সমবেত হন। কাঁটাতারের বেড়া দুই দেশকে আলাদা করলেও দমাতে পারেনি দুই দেশের মানুষের ভালবাসার টানকে। আত্মীয়-স্বজনদের ভালবাসার টানেই এদিন তারা ছুটে যান কাটাতারের বেড়ার কাছে, ভৌগলিক সীমারেখা পেরিয়ে। দীর্ঘদিন পর পরস্পরকে এক নজর দেখতে পেয়ে আর মনের কথা বলতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ থেকে আসা বৃদ্ধা শ্রীমতি বিমলা রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মেয়ের বিয়ে হয়েছে ভারতের সোনাপুর এলাকায় । কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে মেয়ে-জামাইয়ের সঙ্গে দেখা হয়নি। তাই তিনি তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। একই অনুভূতির কথা জানালেন সদর উপজেলার কালুগাঁও গ্রাম থেকে আসা রমেশ বর্মন। খালাতো ভাই-বোনের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হবে এ আশায় অধীর আগ্রহে এ দিনটির জন্য অপেক্ষা করছিল কিশোরী লাইলা রানী । বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় বলেন, প্রতি বছর কালীপূজা উপলক্ষে মকড়াভিটা কালী মন্ডপে ভারতীয় নাগরিকরা পূজা করতে আসে। কাঁটাতারের গেট খুলে দিয়ে এদিন হিন্দু ধর্মাবলম্বীদের ওই মন্দিরে প্রবেশের অনুমতি দেয় বিএসএফ। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালীপূজা চলকালে ম-পের চারদিকে বাংলাদেশি নাগরিকদেরও ভিড় জমে ওঠে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার সকাল থেকেই শিশু-নারীসহ হাজার হাজার মানুষ তাদের প্রিয় জনের সঙ্গে দেখা করতে ধনতলা সীমান্তে জড়ো হতে থাকেন। তারা নাগর নদী পার হয়ে সীমান্তের ৩৯৫ ও ৩৯৪ নম্বর পিলার এলাকায় সকাল থেকে অপেক্ষা করতে থাকেন। পরে ভারতীয়রা ম-পে এলে বাংলাদেশি স্বজনদের সঙ্গে তাদের দেখা হয়। এ সময় অনেকে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। বিনিময় করেন উপহার সামগ্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪৮ ঘ.