বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- ওজন বাড়াতে রপ্তানিযোগ্য চিংড়িতে সাবু ও বার্লি ঢোকানোর অভিযোগে বুধবার বাগেরহাটে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হদেরহাট বাজারের ‘সোমনাথ ফিস ডিপোতে’ গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন ওই ইউনিয়নের চিন্তারখোলা গ্রামের বাসিন্দা চিংড়ি ডিপো মালিক শ্যামচন্দ্র সরকার (৬০) এবং তার কর্মচারী একই গ্রামের মিহির কুমার দত্ত (১৮)।
এ সময় তাদের কাছ থেকে ৭৫ কেজি গলদা চিংড়ি আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দু’জন ভোরে ডিপোতে বসে সিরিঞ্জের সাহায্যে সাবু ও বার্লি দিয়ে তৈরী ঘন জেলি গলদা চিংড়ির মধ্যে ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিলেন।
গোপণ সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে, বলেন তিনি।
তিনি আরো বলেন, শ্যামচন্দ্র সরকার বাগেরহাট গোয়েন্দা পুলিশ অফিসে সাংবাদিকদের বলেন, রপ্তানিযোগ্য এসব চিংড়ির মধ্যে সাবু ও বার্লি ঢুকিয়ে ওজন বাড়িয়ে লাভবান হতে একাজ করেছেন।
তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সিদ্দিক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বাগেরহাট সদর থানায় মামলা করেছেন।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৪ ঘ.
bdnews24