ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা-বোনকে গুলি করে অপহরণের তিন দিন পর কেরানীগঞ্জের আঁটিবাজার থেকে উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র পরাগ মণ্ডলকে।
অপহরণকারীরা মঙ্গলবার রাতে তাকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আঁটিবাজারে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
প্রায় অচেতন অবস্থায় উদ্ধারের পর ছয় বছর বয়সী শিশুটিকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তাকে।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন র্যাবের এক কর্মকর্তা।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মন্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে (৬) তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে আঁটিবাজার মিল এলাকায় রাস্তার পাশে পাওয়া যায় পরাগকে।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের এক নৈশ প্রহরী শিশুটিকে দেখতে পেয়ে খবর দিলে পরাগের বাবা বিমল মণ্ডল পুলিশ নিয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন।
পরাগকে উদ্ধারের খবর পেয়ে এই পরিবারের আত্মীয়-বন্ধু ও সংবাদ কর্মীরা রাতেই হাসপাতালে জড়ো হন।
বিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে দুদিনের ধকলে অসুস্থ হয়ে পড়েছে।”
পরাগকে উদ্ধার করা হলেও অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পর সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। তাদের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগও হয়।
“এক পর্যায়ে অপহরণকারীরা জানায়, পরাগকে তারা ছেড়ে দিয়েছে। এরপর শিশুটির (পরাগের) বাবাকে নিয়ে আটিবাজার এলাকায় কয়েক ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর তাকে রাস্তার ধারে পাওয়া যায়।”
তবে র্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়ানো হয়েছে।
“পরাগকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় মুক্তিপণ দিয়ে শিশুটিকে ছাড়ানো হয়। প্রথমে ২ কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা, এরপর এক কোটি টাকায় নামে। শেষে ৫০ লাখ টাকায় রফা হয়”, বলেন তিনি।
এ বিষয়ে র্যাবের মুখপাত্র এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরাগকে উদ্ধারের পর এখন আমরা অপরাধীদের ধরতে অভিযানে নেমেছি।”
মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
পরাগের স্বজনরাও মুক্তিপণের বিষয়ে কিছু বলতে চাননি। পরাগকে অপহরণের কারণ কী- সে বিষয়েও এ পর্যন্ত কিছু বলেননি বিমল মণ্ডল।
পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, তার সঙ্গে এলাকার কারো কোনো বিরোধের কথা তিনি মনে করতে পারেন না।
সোমবারও তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারো সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নেই। জমি নিয়ে ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে।”
অবশ্য নজরুল নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পরাগকে অপহরণ করা হয়েছে বলে এলাকার অনেকেই মনে করেন।
বিএনপি নেতা ও ওই এলাকার সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার সাংবাদিকদের বলেছিলেন, স্থানীয় ক্ষমতাধর ‘ভূমিদস্যুরা’ পরাগের বাবার সম্পত্তি দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।
তবে এসব বিষয়ে কিছুই বলেনি পরাগের পরিবার।
পরাগ অপহৃত হওয়ার পর তার দাদি সাবিত্রী মণ্ডল রোববার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরাগকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের নির্দেশনা চেয়ে মঙ্গলবার হাই কোর্টে একটি রিট আবেদনও হয়।
পরাগের বোন পিনাকি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও তাদের মা লিপি মণ্ডল (৩৩) এখনো বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িচালক নজরুলও মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/জেকে/০৮৪৫ ঘ.
bdnews24