২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী প্যানেল নিয়োগ দিচ্ছে ইসি

গুরুত্বপূর্ণ মামলা পরিচালনায় প্রথমবারের মতো আইনজীবী প্যানেল নিয়োগের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

মঈনুল হক চৌধুরী জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে নির্বাচন কমিশনের মামলা পরিচালনায় ‘প্যানেল অ্যাডভোকেট’ নিয়োগ দেয়া হচ্ছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো এ উদ্যোগ নিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইনজীবী প্যানেল নিয়োগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েও তেমন সাড়া মেলেনি। মাত্র আটজন আইনজীবি ও একটি ল’ইয়ার ফার্ম দরখাস্ত জমা দিয়েছে। এর মধ্যে একজন আইনজীবী বর্তমানে কমিশনকে আইনি সহায়তা দিয়ে আসছেন। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনজীবী প্যানেল নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে কয়েকজন আবেদন করেছেন, তাদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিদের বাছাই করা হবে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” ইসি সচিবালয়ের আইন কর্মকর্তারা জানান, হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনাকারী দুই আইনজীবীকে (এমআই ফারুকী ও ইদ্রিসুর রহমান) বিগত নির্বাচন কমিশন চিঠি দিয়ে প্যানেলভুক্ত হতে অনুরোধ করলেও তারা রাজি হননি। এরপর নির্বাচন কমিশন আইনজীবীর খোঁজে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে কয়েকদফা উদ্যোগ নেওয়ার পরও সফল হয় নি নির্বাচন কমিশন। এটিএম শামসুল হুদা ও কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন দুই ইসি তফসিল ঘোষণা করার পর আদালতের স্থগিতাদেশ আসে। বিগত ইসি এ মামলা মোকাবেলায় দেশের শীর্ষস্থানীয় একজন আইনজীবির শরণাপন্ন হয়েও তাতে সাড়া পায়নি। বর্তমান নির্বাচন কমিশন একজন জ্যেষ্ঠ আইনজীবীকে (এম আই ফারুকী) মামলা পরিচালনায় নিয়োগ দিয়েছে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন হতাশা প্রকাশ করে বলেন, সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে নামী আইনজীবিকে ইসি পায় না। একের পর এক মামলার জটিলতায় পড়ে ইসি। এসব মোকাবেলায় প্যানেল আইনজীবি থাকলে ভালো হবে। “দেশের প্রখ্যাত আইনজীবিরা এখন কোনো না কোনোভাবে রাজনীতিতে জড়িত। তাদের পক্ষে ইসির কাজ করা যেমন ঝামেলার তেমনি তা নিয়ে প্রশ্নও উঠে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে একবার পেয়েছি আমরা, এ নিয়েও প্রশ্ন উঠেছে। তিনিও আসতে চান না।” ইসি কর্মকর্তারা জানান, সামনে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন। এ নিয়ে অনেক আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ইসিকে। এজন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা। এই প্রথমবারের মতো আইনজীবী প্যানেল হচ্ছে ইসির। আবেদনকারীদের মধ্য থেকে ৩/৪ জনকে নিয়োগ করা হতে পারে। যারা আবেদন করেছেন আবেদনকারীদের একজন হলেন এডভোকেট নাহিদ সুলতানা। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী আপিল বিভাগে মামলা পরিচালনার পাঁচ বছরের অভিজ্ঞতা নেই তার। মামলা পরিচালনার ফি’র বিষয়ে কিছু না জানালেও হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। ইসির চাহিদা অনুযায়ী হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে অপর আবেদনকারী এডভোকেট মো. খালেদ আহমেদের। সব ধরনের কাগজপত্র সত্যায়ন করে ইসির সব শর্ত পালন করেছেন তিনি। কোনো সনদপত্রই দাখিল করেননি এডভোকেট মো. বাবর আলী। তিনি শুধুমাত্র হাই কোর্ট বিভাগে সব সিভিল মামলা পরিচালনা করেন। হাই কোর্ট বিভাগে অন্তর্ভুক্তির সনদও দাখিল করেননি এই আইনজীবী। কিছু সনদপত্র সত্যায়িত না করেই দরখাস্ত জমা দিয়েছেন হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ সাঈদ মফিজুর রহমান। তবে মামলার ফির বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। এডভোকেট ড. শাহদীন মালিক ২০০৭ সাল থেকে ইসিকে আইনি সহায়তা দিয়ে আসছেন এবং তা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি। তিনি শুধু হাই কোর্ট বিভাগে ২০০০ সাল থেকে মামলা পরিচালনা করে আসছেন। ইসির চাহিদা অনুযায়ী কাগজপত্র না দিলেও প্রস্তাবিত ফি উল্লেখ করেছেন এই আইনজীবী। গত পাঁচ বছরে ইসির অন্তত ১৫০টি মামলা পরিচালনা করেছেন তিনি এবং কয়েকটি ছাড়া সব ক্ষেত্রেই ইসির পক্ষে আদালতের রায় আসে। হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ এডভোকেট শাহ মো. সিরাজুল হক মামলা পরিচালনার ফি দাবি করেছেন ২৫ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত। ইসির চাহিদা অনুযায়ী হাই কোর্টে ১০ বছরের অভিজ্ঞতা ছাড়াই এডভোকেট আহমেদ সোহেল ইসির আইনজীবী প্যানেলের জন্য আবেদন করেন। গত ২১ জুলাই ছিল আবেদন জমা দেয়ার শেষ সময়। কিন্তু ৬ অগাস্ট আবেদন করেছেন হাই কোর্টের আইনজীবী এডভোকেট মো. সামসুল হক। নির্বাচন কমিশনের একজন আইন কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই কমিশনের সভায় এসব আবেদনকারীর নাম উপস্থাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/০০০৯ ঘ.