ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল করার সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
এ সময় মিছিলকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাও করে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে।
বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ: নওগাঁ শহর ও মহাদেবপুর উপজেলা থেকে ২০ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে ও মঙ্গলবার বিকাল পর্যন্ত নওগাঁ শহর থেকে ১৬ ও মহাদেবপুর উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
খুলনা: মহানগরীর শামসুর রহমান রোডে মঙ্গলবার দুপুরে জামায়াত শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে দুই জন ও খানজাহান আলী থানা পুলিশ আরো এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে বলে জানান খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ।
রাজশাহী: নাশকতার আশঙ্কায় মঙ্গলবার মহানগরী থেকে ইসলামী ছাত্র শিবির সন্দেহে দুই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন।
ঝিনাইদহ: শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে ৯ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল: জামায়াতে ইসলামীর নেতা মাদ্রাসা শিক্ষক মো. শহিদুল ইসলামকে মঙ্গলবার নগরীর আবহাওয়া অফিসের সামনে থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
কক্সবাজার: শহরের টেকপাড়া এলাকায় মঙ্গলবার মিছিল করার সময় শিবিরের হামলায় পুলিশের ২ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক ও কনস্টেবল ইলিয়াসকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে জানান সদর থানার ওসি জসীম উদ্দিন।
সাভার: মঙ্গলবার সকালে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে পুলিশ দুই জামায়াত কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন।
তাদেরকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বাগেরহাট: আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে মিছিল করার অভিযোগে মঙ্গলবার দুপুরে পুলিশ শহরের সোনাতলা এলাকা থেকে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া: র্যাব-১২ স্পেশাল কোম্পানি মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুই জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
কোম্পানি কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, গত ৫ নভেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৪৩ ঘ.
bdnews24