ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ও ফরম বিক্রির নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ‘বিক্ষোভ-প্রদর্শনী’ করেছে।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেক্লাবের সামনে প্রতীকী এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষায় ধনী-গরিবের বৈষম্যকে তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস এম শুভ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিম, নগর সংসদের সভাপতি জিলানী শুভ প্রমুখ।
ছাত্রনেতারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে সাংসদরা আছেন। তারা সেখান থেকে প্রতি বছর ভর্তি, উন্নয়ন, পাঠ্য বই প্রণয়নের নামে কোটি কোটি হাতিয়ে নিচ্ছেন।
ভাল স্কুলগুলোতে ভর্তি হওয়া ইতোমধ্যেই ‘টাকার খেলায়’ পরিণত হয়েছে।
তারা অবিলম্বে শিক্ষার এই ‘বাণিজ্যিকীকরণ’ প্রতিহত করতে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড নির্ধারিত ফি সর্বসাকুল্যে প্রায় ১৩০০ টাকা। অথচ স্কুলভেদে পাঁচ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্র নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24