ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জ থেকে অপহৃত স্কুলশিশু পরাগ মণ্ডলকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার বাবা বিমল মণ্ডল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অবগত জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তাকে বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে পরাগের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগ। মা লিপি মণ্ডল, বোন পিনাকি মন্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ মঙ্গলবার বিকাল পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবার বিকালে পরাগদের শুভাঢ্যার বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তিনি পরে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত। গোয়েন্দারা আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে পরাগকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
এ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
অপহরণের ঘটনা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে কামরুল বলেন, “এ রকম একটি দুঃখজনক ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব।”
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সোমবার সাংবাদিকদের বলেন, স্থানীয় ক্ষমতাধর ‘ভূমিদস্যুরা’ পরাগের বাবার সম্পত্তি দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।
তবে পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডল সাংবাদিকদের বলেন, তার এবং তার বাবার সঙ্গেও এলাকার কারো কোনো বিরোধের কথা তিনি মনে করতে পারেন না।
“আমি খুবই হতাশ। আমার ছেলেকে উদ্ধারের জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি”, বলেন তিনি।
অন্যদের মধ্যে কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও থানা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
পরাগের দাদি সাবিত্রী মণ্ডল ঘটনার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। ছেলের সঙ্গে শুভাঢ্যা পশ্চিমপাড়ার ওই বাড়িতেই থাকেন তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমারা অনেক দূর এগিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে ভালো খবর দিতে পারব।”
এদিকে পরাগকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮২৭ ঘ.
bdnews24