কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের শুভাঢ্যার বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলের অপেক্ষায় প্রহর গুণছেন স্বজনরা। দড়জায় টোকা দিলে ভেতর থেকে জবাব আসছে- ‘পরাগকে নিয়ে আসেন’।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মন্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে (৩৫) গুলি করে শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে (৬) তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পিনাকি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও পরাগের মা লিপি মণ্ডল (৩৩) এখনো বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িচালক নজরুলও মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।
তদন্ত ‘অনেক দূর’ এগিয়েছে দাবি করলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত শিশুটিকে উদ্ধারের কোনো আশা দেখাতে পারেনি পুলিশ। মুক্তিপণ চেয়ে কেউ যোগাযোগও করেনি।
ফলে সময় যতো গড়াচ্ছে, পরাগকে নিয়ে স্বজনদের উদ্বেগ ততোই বাড়ছে।
মঙ্গলবার সকালে পরাগদের বাড়িতে গিয়ে দেখা যায়, দোতলা বাড়ির প্রধান ফটকে ভেতর থেকে তালা দেয়া। চারপাশে দেয়াল দিয়ে ঘেরা ওই বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
ফটকে করাঘাত করতেই ভেতর থেকে প্রশ্ন ভেসে এলো- “আপনার কারা?”
সাংবাদিক পরিচয় দেয়ার পর এক নারী বললেন, “পরাগকে আপনারা পেয়েছেন? তাকে নিয়ে বাাসায় আসুন।”
পরাগের বাবা বিমল মণ্ডল তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক। তার সত্তরোর্ধ মা সাবিত্রী মণ্ডল এবং বড় ভাই নীলকমলের স্ত্রী-সন্তানরাও শুভাঢ্যা পশ্চিমপাড়ার এই বাড়িতেই থাকেন।
পরাগের এক স্বজন টেলিফোনে জানান, সংবাদ মাধ্যমের কর্মীদের দেখলেই পরাগের বড় বোন পিয়ালী ক্ষিপ্ত হয়ে উঠছে। বার বার ‘আমার ভাই কোথায়’ বলতে বলতে সংজ্ঞা হারাচ্ছে। এ কারণেই বাড়ির ফটকে তালা দেয়া হয়েছে।
পরাগের মামা প্রদীপ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুঝতেই পারছেন আমাদের অবস্থা। কি বলব? আপনাদের তো বাস্তবতা বুঝতে হবে।”
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেনের দাবি, পরাগকে উদ্ধারে পুলিশ ‘অনেক দূর’ এগিয়েছে।
বেলা পৌনে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমারা অনেক দূর এগিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে ভালো খবর দিতে পারব।”
পরাগের দাদি সাবিত্রী মণ্ডল ঘটনার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। কিন্তু পরাগের কোনো খোঁজ না পাওয়ায় ক্রমশ বাড়ছে স্বজনদের উদ্বেগ।
প্রদীপ বলেন, “সময় যত পার হচ্ছে সবার মনে অজানা আতঙ্ক ততো বাড়ছে।”
এদিকে পরাগকে ‘অক্ষত অবস্থায়’ উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকালে হিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।
বাবু নামে স্থানীয় এক দোকানদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর অপহরণকারীরা দুটি মোটর সাইকেলে করে তার দোকানের সামনে দিয়ে চলে যায়। পরাগ একটি মোটর সাইকেলে দুইজনের মাঝে বসে ছিল। অন্য দুই মোটর সাইকেল দুটির পেছনে বসে থাকা দুই যুবক দুই হাতে চারটি অস্ত্র উঁচিয়ে রেখেছিল।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা সেদিন পালানোর সময় প্রধান সড়ক ব্যাবহার করেনি। সরু গলি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৬৩০ ঘ.
bdnews24