২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুখরঞ্জনের খোঁজে করা রিট খারিজ

অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের ‘নিখোঁজ’ সাক্ষী সুখরঞ্জন বালীর সন্ধানে করা রিট আবেদন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের ‘নিখোঁজ’ সাক্ষী সুখরঞ্জন বালীর সন্ধানে করা রিট আবেদন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আদেশের পর জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দিতে চাইলেও আমাদের আবেদনের প্রেক্ষিতে উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে।” এ আবেদন নিয়ে শিগগিরই অন্য বেঞ্চে যাবেন বলে জানান তিনি। রোববার এ আবেদনের শুনানিতে রিটকারী আবুল কালাম আজাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মো. মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজাও আদালতে ছিলেন। সাঈদীর সাফাই সাক্ষী সুখরঞ্জনের সন্ধান চেয়ে সরকারের প্রতি রুল জারির জন্য আদালতের আদেশ চাওয়া হয় ওই আবেদনে। গত ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় আদালতের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় বলে সাঈদীর আইনজীবীদের অভিযোগ। সুখরঞ্জনকে ‘তুলে নেয়া’ নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বেশ হৈ চৈ করেন সাঈদীর আইনজীবীরা। এজন্য কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে ট্রাইব্যুনাল। গত ৬ নভেম্বর করা ওই রিট আবেদনে পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকার জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা শাখা), শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়। তাদের হেফাজতেই সুখরঞ্জন রয়েছেন বলে রিট আবেদনের দাবি করেন বাদী আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩১৯ ঘ.