কুমিল্লা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্ল¬ার দাউদকান্দি উপজেলায় বখাটেদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে এক মাদ্রাসা ছাত্রীসহ তিনজন।
সোমবার ভোর রাতে দাউদকান্দির পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
আহত অবস্থায় ড. খন্দকার মোশাররফ হোসেন দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার (১৬), তার বোনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ (১০) ও গৃহকর্মী খাদিজা আক্তারকে (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সাল।
ফারজানার বাবা হাজী জালাল সর্দার সাংবাদিকদের জানান, রাতে ফারজানা বাড়ির একটি ঘরে গৃহকর্মী ও ফয়সালকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বখাটেরা ভোর রাতে জানালা দিয়ে তাদের অ্যাসিড নিক্ষেপ করে।
“এতে ফারজানার মুখমণ্ডলসহ সারা শরীর ঝলসে যায়। শিশু ফয়সাল ও খাদিজার শরীরের বিভিন্ন অংশও ঝলসে যায়।”
ঘটনার জন্য জামালকান্দি গ্রামের কালু মিয়ার ছেলে সাদ্দাম হোসেনকে (২২) দায়ী করে ফারজানার বাবা বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় অ্যাসিড ছুড়েছে সাদ্দাম।
ঢামেক হামপাতাল থেকে পদুয়া ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীটির অবস্থা ভাল নয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটো চোখ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফয়সাল ও গৃহকর্মীর অবস্থা তুলনামূলক ভালো বলে জানান চেয়ারম্যান।
ওসি আবুল ফয়সাল জানান, সাদ্দামকে গ্রেপ্তারে পুলিশের দুটি দল অভিযানে রয়েছে।
সাদ্দামের বন্ধুসহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৫৮ ঘ.
bdnews24