২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের পক্ষে ছেলের সাক্ষ্য

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে আবদুল্লাহিল আমান আযমী বলেছেন সামরিক বাহিনী থেকে তাকে বর্তমান সরকার আমলে বরখাস্তের বিষয়টি তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের পক্ষে প্রথম সাক্ষী হিসেবে সোমবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যে ৫৩ বছর বয়সী আযমী বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তার ৩০ বছরের পেশাজীবনের বিবরণ তুলে ধরেন। তার সাক্ষ্য অসমাপ্ত থাকায় মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল। ২০০৯ সালে ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় চাকরিচ্যুত হওয়ার বিষয়টি তুলে ধরে আজমী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোনো শুনানি, অভিযোগ বা তদন্ত ছাড়া শুধু গোলাম আযমের ছেলে হওয়ার কারণে তাকে ‘অবৈধভাবে’ বরখাস্ত করা হয়। তবে অবৈধভাবে শব্দটি এবং শুধু গোলাম আযমের ছেলে হওয়ায় তাকে বরখাস্ত করা হয়- এই দুটি বিষয় ট্রাইব্যুনাল গ্রহণ করেনি। বিচারপতি নিজামুল হক বলেন, তার অভিযোগ বহাল থাকলেও এটা অবৈধ হয়েছে- এ বক্তব্য গ্রহণ করা হবে না। “এটা অবশ্যই সামরিক আইন অনুযায়ী হয়েছে। তাই এটাকে অবৈধ বলা যাবে না।” প্রধানত চারটি বিষয়ে সাক্ষ্য দেয়ার কথা উল্লেখ করেন মুক্তিযুদ্ধকালীম জামায়াতের আমির গোলাম আযমের ছেলে আযমী। প্রথমত, দীর্ঘ ৩০ বছরের সামরিক বাহিনীতে চাকরির অভিজ্ঞতার আলোকে সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনীর সহযোগী হিসেবে থাকার সময় সামরিক-বেসামরিক সম্পর্ক, কমান্ড কাঠামো, কমান্ড নিয়ন্ত্রণ, কমান্ড স্ট্যাটাস ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা। দ্বিতীয়ত, গোলাম আযমের জীবন ও রাজনীতি। তৃতীয়ত, বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, বাংলাদেশ-ভারত সম্পর্ক, এ অঞ্চলের ভূ-রাজনৈতিক অবস্থা, আন্তর্জাতিক কৌশলগত বিষয়, ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক, পাকিস্তান-ভারতের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি, স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনীতি। সবশেষে কিছু দলিলাদি উপস্থাপন করবেন তিনি। গোলাম আযমের বিরুদ্ধে জব্দ তালিকার ৭ সাক্ষীসহ রাষ্ট্রপক্ষের মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ তাদের জেরাও শেষ করে করেছেন। একজন সাক্ষীর তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী ৫ ধরনের অপরাধের ৬১টি অভিযোগে গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ১ জুলাই থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগগুলো হল- মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়া। অভিযোগগুলোর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে ষড়যন্ত্র করার জন্য ছয়টি, তাদের সঙ্গে পরিকল্পনার তিনটি এবং উস্কানি দেয়ার ২৮টি এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার ২৪টি অভিযোগ রয়েছে। গত ১১ জানুয়ারি গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারা প্রিজন সেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বিচার চলছে। গত ৯ জানুয়ারি তার বিরুদ্ধে প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া ওই আনুষ্ঠানিক অভিযোগপত্রে গোলাম আযমের বিরুদ্ধে মোট ৬২টি অভিযোগ উপস্থাপন করা হয়। এর মধ্যে ৬১টি গ্রহণ করে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ২০১১ সালের ৩১ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শেষ করে তদন্ত কর্মকর্তারা। পরে মোট ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের পাশাপাশি ১০ হাজার পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত করে ট্রাইব্যুনালের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/২২৪০ ঘ.