২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা: আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ

ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে আরো তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে আরো তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সোমবার সাধারণ ডায়েরি নথিভুক্তকারী কর্মকর্তাসহ তিন সাক্ষী ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। বিচারক মো. মোতাহার হোসেন আগামী ১৪ নভেম্বর আবার এ মামলার সাক্ষ্য নেয়ার জন্য দিন ধার্য করেন। স্পর্শকাতর এ মামলায় এ নিয়ে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য দেয়া শেষ হলো। সোমবার যারা সাক্ষ্য দেন তারা হলেন- জিডি গ্রহণকারী পুলিশের উপ-পরিদর্শক কাজী রবিউল ইসলাম, নিহত খালাফের ভাড়া করা বাড়ির নিরাপত্তাকর্মী রেজাউল করিম ও পাশের বাড়ীর নিরাপত্তাকর্মী আবু তালেব। তবে আনোয়ার নামে আরেক সাক্ষীর সাক্ষ্য দিতে আসার কথা থাকলেও তিনি আসেননি। মামলার আসামি সাইফুল ইসলাম, আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এদিন। এছাড়া ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান সরদার, সাক্ষী আবুল হোসেন ফয়সাল, মতিউর রহমান নয়ন ও শহিদুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠিয়েছে আদালত। এপর্যন্ত মামলার ৩১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। এর আগে সাক্ষ্য দেন মামলার বাদি উপ-পরিদর্শক মোশারফ হোসেন, গুলশান থানার মামলার রেকর্ডিং অফিসার উপ-পরিদর্শক আবু আনছার, কনস্টেবল বাছেদ, সফিউজ্জামান, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ এম রহমান, অপর চিকিৎসক মতিয়ার রহমান, ওয়ার্ড বয় মাকসুদুর রহমান, রিপন, নিহত খালাফের গুলশানের বাড়ির নিরাপত্তা প্রহরী মো. হেলাল উদ্দিন, পাশের বাড়ির নিরাপত্তা প্রহরী জুলফিকার আলী, খালাফের গাড়িচালক আমিনুল ইসলাম ও পাশের বাড়ির কেয়ারটেকার সাইফুল ইসলাম। গত ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে একই আদালত। মামলার অপর আসামি সেলিম চৌধুরী পলাতক রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ৫ মার্চ রাত ১টার দিকে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এইচএ/২২১৯ ঘ.