ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আরো অর্থ সহায়তার জন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “আপনারা (দাতা) বাংলাদেশে আরো অর্থ দেন। আপনারা অর্থ দিলে এখানে অনেক বেশি মানুষ উপকৃত হবে।”
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের (বিসিসিআরএফ)’ এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী।
বাংলাদেশে জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ২০১০ সালে বিসিসিআরএফ গঠিত হয়। ৭টি দেশের সমন্বয়ে গঠিত এ তহবিল থেকে বাংলাদেশকে এ পর্যন্ত ১৭ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ সরকারের অর্থায়নে গঠিত হয় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড।
হাছান মাহমুদ বলেন, “ট্রাস্ট ফান্ড থেকে এ পর্যন্ত ১০৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।”
এসময় বিসিসিআরএফের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন।
তিনি জানান, বিসিসিআরএফের অধীনে চারটি প্রকল্প বাস্তবায়নাধীন এবং চারটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পগুলোতে ১৭ কোটি মার্কিন ডলারের মধ্যে ৯০ শতাংশ অর্থ ব্যয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএএইচ/এইচএ/২২০৯ ঘ.
bdnews24